১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে প্রথমবারের মত তারেক রহমান বরিশাল বিভাগীয় সদরে আসছেন। এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বরিশালের বেলপার্ক ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |নয়া দিগন্ত

রাষ্ট্র ক্ষমতা গ্রহণের চার মাস পর প্রথমবার বরিশাল বিভাগীয় সদরে সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । ১৩ জুলাই বরিশাল পৌঁছে নগরীর পাশে বহমান কীর্তনখোলা নদীর পর্বপাড়ে চরকাউয়া ইউনিয়নে সদ্য পুণঃ খননকৃত একটি খালের দু’ধারে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারি নির্দেশনা এসেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরের পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে পূর্ব নির্ধারিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো: মামুন খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে প্রথমবারের মত তারেক রহমান বরিশাল বিভাগীয় সদরে আসছেন। এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বরিশালের বেলপার্ক ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন।

১৯৭৮ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে চরকাউয়া এলাকার এ খালটি খনন করেছিলেন। এরপরে দীর্ঘদিন কোনো ধরনের সংস্কার না হওয়ায় খালটি মজে গিয়ে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি করছিল। গত অক্টোবরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পরে বরিশালের তৎকালীন জেলা প্রশাসক মো: দেলাওয়ার হোসেন সরেজমিনে মজে যাওয়া খালটি পরিদর্শন করে বিএডিসি’র একটি প্রকল্পের আওতায় পুণঃ খননের নির্দেশ দেন। প্রায় দুই হাজার ৭০০ মিটার দৈর্ঘ এবং ১০ মিটার প্রস্থ ও তিন মিটার গভীর এ খালটি খনন করতে গিয়ে প্রায় ১২ লাখ ঘন মিটার পলি ও মাটি অপসারণ করতে হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুলাই বরিশাল সফরকালে সদ্য পুণঃ খননকৃত খালটি পরিদর্শনসহ এর দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।