শেখ মুজিবের ছবিকে কেন্দ্র করে পিরোজপুরের সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

বিতর্কের পর অবশ্য শেখ মুজিবুর রহমানের ছবি সেই অফিস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষিকা শামীমা ইয়াছমিন
শিক্ষিকা শামীমা ইয়াছমিন |সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষিকার কক্ষে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি রাখাকে কেন্দ্র করে তিনি সম্প্রতি আলোচনায় এসেছিলেন।

এমন প্রেক্ষাপটে তাকে সাময়িক বরখাস্তের পর তিনি আজ মঙ্গলবার সেই চিঠি গ্রহণ করেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো: গিয়াস উদ্দীন।

গত রোববার ওই এলাকায় ওই শিক্ষিকাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

সরকারি নির্দেশনা না থাকায় তিনি শেখ মুজিবুর রহমানের ছবি নামাতে শিক্ষা অফিসের একজন কর্মকর্তার মৌখিক নির্দেশ পালনে অপারগতা প্রকাশ করেছিলেন।

পরে তাকে উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিকরা যে খবর পরিবেশন করেছে তাতে বলা হয়, তিনি বলেছেন ‘তার বাবা মইনউদ্দীন মাস্টার একজন মুক্তিযোদ্ধা এবং সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। তাই আমার বিদ্যালয় থেকে এই ছবি সরাতে পারবো না’।

যদিও পরে তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে যে- ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কোনো সরকারি নির্দেশনা ছিল না বলে ছবি তিনি নামাননি’।

বিতর্কের পর অবশ্য শেখ মুজিবুর রহমানের ছবি সেই অফিস কক্ষ থেকে সরিয়ে ফেলা হয়েছে।