খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বিকেল ৫টার দিকে ডাবলু তিন রাস্তার মোড়ে একটি ভাঙাড়ির দোকানে বসেছিলেন। এ সময় গল্লামারী থেকে চারটি মোটরসাইকেলে করে আটজন দুর্বৃত্ত দোকানের সামনে এসে ডাবলুকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে।

খুলনা ব্যুরো

Location :

Khulna
দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
দুর্বৃত্তের গুলিতে যুবক আহত |প্রতীকী ছবি

খুলনায় আলি নূর ডাবলু (৪৭) নামে এক যুবক দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রোববার (১৭ মে) বিকেলে নগরীর পশ্চিম বানিয়াখামার তিন রাস্তার মোড়ে ওই গুলির ঘটনা ঘটে।

আহত ডাবলু নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার এতিম আলীর ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে ডাবলু তিন রাস্তার মোড়ে একটি ভাঙাড়ির দোকানে বসেছিলেন। এ সময় গল্লামারী থেকে চারটি মোটরসাইকেলে করে আটজন দুর্বৃত্ত দোকানের সামনে এসে ডাবলুকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে। পরে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতার দিকে চলে যায়। এ সময় ডাবলুর বাম হাতে তিনটি গুলি লাগে। পরে আহত অবস্থায় ডাবলুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নগরীর সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ জানান, ঘটনা শোনার পর স্থানীয়দের সহায়তায় ডাবলুকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে তা তিনি বলতে পারেননি।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, আহত ডাবলুর নামে থানায় অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।