মৌলভীবাজারের কুলাউড়ায় প্রদীপ তেলি (৩৫) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মীরবক্সপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত প্রদীপ গাজীপুর চা বাগানের অনিল তেলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসাইন ও কুলাউড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) ফরহাদ মাতব্বর ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার ওসি ফরহাদ মাতব্বর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান এবং মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



