আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুক হাঁপানিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘আমাদের দলের নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের অঙ্গীকার রয়েছে। মানুষের ভাগ্যোন্নয়নে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন।’
আফরোজা খানম রিতা আরো বলেন, ‘শহীদ জিয়াউর রহমান মানিকগঞ্জের শিবালয়ের ঐতিহাসিক কাশাদহ খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। আমরা আশা করছি অচিরেই সেই খালটির পুনঃখনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার অন্যান্য উপজেলায়ও পর্যায়ক্রমে খাল খনন করা হবে। এর ফলে কৃষি খাতের আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে।’
তালুক হাঁপানিয়া খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আখতারুজ্জামান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নূরেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, সঠিক জলাশয় ব্যবস্থাপনার মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত করা গেলে দেশের খাদ্য উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে।



