বানারীপাড়ায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রোববার সকালে প্রতিদিনের মতো বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ছাদে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Banaripara
ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু |প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণশ্রমিক জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মো: মোবারক হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ছাদে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় ও শরীরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পরপরই সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নিহতের স্ত্রী, সন্তান ও স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এ সময় নিহতের স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান।