ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন এসব তথ্য জানান।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেফতার এবং মাদক উদ্ধার করা হয়।
ওসি মো: ফারুক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মামলায় পলাতক আসামি গাজী মো: শাহিন প্রকাশ শাহীনকে (৩০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার শাহীন উপজেলার দুলালপুর গ্রামের মরহুম স্বপন মিয়ার ছেলে।
অন্য অভিযানে, এসআই ডি এম এ মজিদ পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্টের মামলার পলাতক আসামি ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো: এনামুল হককে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতার মো: এনামুল হক উপজেলার নাইঘর গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে।
আরেক অভিযানে, এসআই , এসআই রফিকুল ইসলামে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মোঃ মাহফুজ মিয়া (৩৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাজী সারোয়ার উপজেলার গঙ্গানগর ও মো: মাহফুজ মিয়া মানরা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, এসআই মো: শামীম হোসেনের পুলিশ দল শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাগ) এলাকায় অভিযান চালায়। অভিযানে জনৈক শাহ আলমের বাড়ির কাছে কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া এসআই মো: শামীম হোসেন ও এএসআই মো: নুর-আল-আহসান উপজেলার মাধবপুর বাজারের দক্ষিণ পাশে দয়াল ভরসা আড়তের সামনে পাকা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো: সজিব মিয়াকে (২২) গ্রেফতার করে। সজিব মিয়া উপজেলার জামতলী গ্রামের আমির হোসেনের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



