শফিকুল ইসলাম মাসুদ

সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না

‘সরকারের বিনামূল্যে দেয়া ওষুধ সঠিকভাবে পাওয়া মানুষের অধিকার। এই ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bauphal
বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ
বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি ও অবহেলা কোনোভাবেই গ্রহনযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রত্যাশী নাগরিকদের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে মূল্যায়নের আর সুযোগ নেই। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

রোববার (১৭ মে) দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত সিএইচসিপি’র মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যেন ভোগান্তির শিকার না হন এবং চিকিৎসা ছাড়াই যেন কাউকে ফিরে যেতে না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা কোনো অসুস্থ মানুষ যেন অবহেলা বা সেবা বঞ্চনার শিকার না হন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক হতে হবে।’

সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সরকারের বিনামূল্যে দেয়া ওষুধ সঠিকভাবে পাওয়া মানুষের অধিকার। এই ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। জনগণের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি চিকিৎসা সেবার মান আরো বাড়বে, ইনশাআল্লাহ।’ হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যসেবিকাসহ (নার্স) সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সিএইচসিপিরা।