চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজিটোলা এলাকার আন্তছরা খাল পুনঃখনন ও পরিষ্কার করেছে উপজেলা কৃষক দল।
মঙ্গলবার (২৮ জুলাই) সরেজমিনে কাজের অগ্রগতি দেখতে ছুটে যান চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
এর আগে ২৭ জুলাই সোমবার উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিনের নিজ উদ্যোগে খাল খননের কাজ শুরু হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও দখল হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে কৃষিজমিতে সেচ ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হচ্ছিল এবং আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে তিনি নিজেই খননকাজে নেতাকর্মীদের নিয়ে নেমে পড়েন। দুই দিনে অন্তত ৩০ জন শ্রমিক ও নেতাকর্মীকে সাথে নিয়ে প্রায় ১ কিলোমিটার খাল খনন সম্পন্ন করা হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, "সরকারের দিকে তাকিয়ে না থেকে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে এগিয়ে আসি, তাহলে আমাদের মিরসরাই বদলে যাবে। নিজ আঙিনা নিজেই পরিষ্কার রাখুন। সবাই মিলে কাজ করলে মিরসরাইয়ের জলাবদ্ধতা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।"
পরিদর্শনকালে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, "দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের নেতৃত্বে স্বেচ্ছায় খাল খননের কাজ করতে দেখে আমি সত্যিই আনন্দিত। এমন কাজই তো আমরা চাই। এমন নেতা চাই, যারা স্বেচ্ছায় মানুষের বিপদে এগিয়ে আসবে। জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ দেখে আমি অভিভূত। আমি আশা করব অন্যরাও তার এমন জনবান্ধব কাজ দেখে এগিয়ে আসবে।"



