খুলনা মহানগরীতে ট্রাকের ধাক্কায় মো: জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটের দিকে মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ নম্বর খান জাহান আলী সড়কের বাসিন্দা এবং পেশায় একজন চাকরিজীবী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে জাহাঙ্গীর তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। রূপসা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।



