জামালপুরের দেওয়ানগঞ্জে বোরো ধান কাটার সময় তীব্র গরমে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আশাদুল হক উত্তর ভাতখাওয়া গ্রামের মহল মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বাড়ির পাশে নিজের জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন আশাদুল। দুপুর ১২টার দিকে প্রচণ্ড গরমে মাঠের মধ্যেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রেজাউল ইসলাম বলেন, আশাদুল হক নামে একজনকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। এ ধরনের আবহাওয়ায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং অপ্রয়োজনে দীর্ঘ সময় রোদে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার পাররামরামপুর ইউনিয়নে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।



