দিনাজপুরে বিজিবির আয়োজনে সীমান্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সীমান্তবর্তী এলাকার যুবসমাজের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা
কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দেশের মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।

সোমবার (২৭ জুলাই) সকালে এরই ধারাবাহিকতায় ৪২ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দিনাজপুরের বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুইদিন ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। এতে অংশ নিয়েছে ১০ জন প্রশিক্ষণার্থী।

আয়োজক ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত অঞ্চলের যুবসমাজকে দক্ষতা ও সচেতনতায় সমৃদ্ধ করে গড়ে তোলা হলে তারা মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সীমান্তবর্তী এলাকার যুবসমাজের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, বিরলের নির্বাহী অফিসার রেজাউল ইসলাম, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারীপরিচালক মাহফুজুর রহমানসহ অন্যরা।