বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শেরপুর থানায় মামলা করলে পুলিশ আসামি মজনুকে (৪৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
রোববার (৩০ মার্চ) রাতে শেরপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার ঝাঁজর উত্তরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মজনু একই গ্রামের এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেন, এক বছর আগে তার স্বামী বিদেশ গেলে তিনি উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের বাবার বাড়িতে চলে যান। এ বছর ফেব্রুয়ারি মাসে স্বামী দেশে আসলে তিনি আবারো স্বামীর সাথে ঝাঁজর গ্রামে বসবাস শুরু করেন।
সম্প্রতি তার স্বামী পুনরায় প্রবাসে চলে যান। বিদেশ যাওয়ার সময় তার স্বামী মজনুর নিকট থেকে টাকা ধার নেন, এ সুবাদে প্রায় সময় মজনু তার বাড়িতে আসা যাওয়া করতো।
এরমধ্যে, ২৪ মার্চ সকালে মজনু ওই গৃহবধূর বাড়িতে এসে ঘরের মধ্যে প্রবেশ করে কথাবার্তা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে ঘরে অন্য কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরেই তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি মজনুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে আসামিকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।



