পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি-পরবর্তী বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে তিনি সদর উপজেলার মিরকাদীম পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান। তারা কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, সড়ক ও ড্রেন পরিষ্কারসহ জনস্বাস্থ্য সুরক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের সাথে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ‘কোরবানির ঈদের পর দ্রুত বর্জ্য অপসারণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকরভাবে এ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।’
ইউএনও ও পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান বলেন, ‘ঈদ উপলক্ষে পৌরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। আগামী ১ জুন থেকে মিরকাদীম পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে একটি বেসরকারি এনজিও যুক্ত হবে। ফলে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল হবে।’
পরিদর্শনকালে প্রশাসনের অন্য কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীরা উপস্থিত ছিলেন।



