খাগড়াছড়িতে ঈমাম ও উলামা মাশায়েখদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ফ্যাসিবাদীদের আমলে মাহফিল করতেও অনুমতি নিতে হয়েছে উল্লেখ করে খাগড়াছড়ি সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, আলেমরা সমাজের সংস্কারক। আগামীতে দাঁড়িপাল্লা নির্বাচিত হলে আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
খাগড়াছড়িতে ঈমাম ও উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় করেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী
খাগড়াছড়িতে ঈমাম ও উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় করেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী |নয়া দিগন্ত

ফ্যাসিবাদীদের আমলে মাহফিল করতেও অনুমতি নিতে হয়েছে উল্লেখ করে খাগড়াছড়ি সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, আলেমরা সমাজের সংস্কারক। আগামীতে দাঁড়িপাল্লা নির্বাচিত হলে আলেমদেরকে সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে। আলেমদেরকে লাঞ্ছিত করার সাহস কেউ পাবে না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা উপলক্ষে জেলার ঈমাম ও উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের দিন যেখানে বাধা আসবে সেখানে নারায়ে তাকবিরের স্লোগান হবে। আর কিছু ব্যবহার করতে পারুন আর না পারুন এ শ্লোগান দিয়ে এগিয়ে যাবেন। খাগড়াছড়ির ২০৪টি ভোট কেন্দ্রে ওই দিন বাধা দিলে নারায়ে তাকবিরের স্লোগানে মুখরিত থাকবে।

জেলা উলামা ঐক্য পরিষদের আহ্বায়ক একে আহমদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আনোয়ার হোসাইন মিয়াজী, খতিব মুফতি ইমাম উদ্দিন কাসেমীসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।

এয়াকুব আলী চৌধুরী বিএনপি নেতাদের দেয়া হুমকি-ধমকির কথা উল্লেখ করে বলেন, আপনাদের একটি হুমকিতে ১০টি করে ভোট কমছে। হুমকি-ধমকি দেয়া যায়, কিন্ত মানুষের অন্তর কখনো দখল করা যায় না। আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতায় ছিলো, কিন্তু মানুষের অন্তর দখল করতে পারে নাই। ভাত রান্না করেছে, খাওয়ার সময়ও পায় নাই। এটিই মানুষের অদম্য শক্তি।

তিনি ঈমামদের ভয়কে জয় করে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ অনেক লুটপাট করেছে এখন কি খেতে পারছে। আমরা শুনি অনেকে অভাব অনটনেও আছে। ১৫ বছরতো অনেক রোজগার করলেন। হারামের টাকা বেশিদিন থাকে না। আজকে যারা হারামের টাকা ইনকাম করছেন, আশা করি তাদের টাকাও বেশিদিন থাকবে না।

সমাবেশে জেলার ৯ উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, খতিব ও উলামা মাশায়েখরা উপস্থিত ছিলেন।