খুলনার কয়রায় বজ্রপাতে হারুন সানা (৩৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার আমাদী গ্রামের বিলে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত হারুন সানা আমাদী গ্রামের বারিক সানার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমাদী বিলের মরহুম আজিজ সানার জমিতে সাতজন দিনমজুর ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হলে হারুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ‘স্থানীয়রা হারুনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি বজ্রপাতে মারা গেছেন।’



