এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় গ্রেফতার আরো ৮৩

নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির অভিযান
এসএমপির অভিযান |নয়া দিগন্ত

সিলেট মহানগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড দমন ও অপরাধীদের গ্রেফতারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অ্যাকশন অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি রয়েছেন। এ সময় ১৩১ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নিয়মিত মামলার আসামি নয়জন, ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন ও তিনজন মাদক কারবারি রয়েছেন।

এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এ সময় নগরী থেকে ৮১ পিস ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার ৪১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৯০টি যানবাহন আটক করা হয়।

এদিকে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পরবর্তী আট ঘণ্টায় পৃথক অভিযানে আরো ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, নয়জন মাদকসেবী, ১৬ জন সন্দেহভাজন আসামি ও সাতজন হকার রয়েছেন। এ সময় মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

রোবাবর এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।