পূর্বধলায় হ্যান্ড ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

দুপুরে উপজেলার সদর ইউনিয়নের স্টেশন বাজার দেওটুকোন সড়কে ছোছাউড়া গ্রামের দর্জিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Location :

Netrokona
মোটরসাইকেল ও হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ
মোটরসাইকেল ও হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ |নয়া দিগন্ত

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় মোটরসাইকেল ও ইট বোঝাই হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সজুদুল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের স্টেশন বাজার দেওটুকোন সড়কে ছোছাউড়া গ্রামের দর্জিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাসপাতাল গেট এলাকার রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন (২৮), পাশের বাড়ির সজুদুল ও তার নাতি আনামকে (১০) নিয়ে মোটরসাইকেলে করে স্টেশনের দিকে যাচ্ছিলেন। ছোছাউড়া দর্জিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি হ্যান্ড ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সজুদুল (৬০) ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড ট্রাক্টরের নিচ থেকে গুরুতর অবস্থায় মোফাজ্জল হোসেন ও আনামকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর হ্যান্ড ট্রাক্টরের চালক পালিয়ে গেছে।