রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের নারী-পুরুষসহ প্রায় দুই হাজার মানুষ একসাথে ইফতার করেছেন। এতে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রামবাসী।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল মাঠে এ ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন শ্যামপুর গ্রামের জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা।
ইফতারে খাসির বিরিয়ানি ও বিভিন্ন ফলসহ নানা ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে একসাথে ইফতার করেন।
শ্যামপুর গ্রামের দিনমজুর আশরাফুল ইসলাম বলেন, ‘এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সবাই মিলে একসাথে বসে ভরপেট ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। প্রতিবছরই এমন আয়োজন হয়। এতে গ্রামের মানুষের মধ্যে দেখা-সাক্ষাৎ ও সৌহার্দ্য বাড়ে।’
মৎস্যজীবীদের সর্দার আইয়ুব আলী বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি। সমাজে সবাই একে অপরের পরিপূরক। তাই জেলে ও মৎস্যজীবীরা নিজেদের দৈনিক কাজের হাজিরা থেকে কিছু অর্থ জমিয়ে এই ইফতারের আয়োজন করেছি।’
শিক্ষানবিশ আইনজীবী মোজাম্মেল হক বলেন, ‘গ্রামের মানুষের এমন বড় আয়োজন সমাজে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আয়োজকদের ধন্যবাদ জানাই, যাদের পরিশ্রমে এত সুন্দর ইফতার অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে।’



