সিংগাইরে গরুর ফার্ম ভাঙচুর, ৩ লাখ টাকা লুটের অভিযোগ

উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত শাহজালাল এগ্রো গরু ফার্মে এ ঘটনা ঘটে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
স্থানীয় লোকজন
স্থানীয় লোকজন |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে একটি গরু ফার্মে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও নগদ তিন লাখ টাকা লুটের অভিযোগ ওঠেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত শাহজালাল এগ্রো গরু ফার্মে এ ঘটনা ঘটে।

এ নিয়ে ওই ফার্মের পার্টনার মনজুর ইলাহী (৩৫) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি ঢাকা তেজগাঁওয়ের মনিপুরি এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

অভিযোগে মনজুর ইলাহী উল্লেখ করেন, তিনি ও তার সহযোগীরা যৌথভাবে শাহজালাল এগ্রো গরুর ফার্মটি পরিচালনা করে আসছেন। শনিবার সকালে রাজু (৩৫), আবুল হাশেম (৪৮), জসিম (৩৯), রাজিবসহ (২৫) অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই ফার্মে হামলা করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা একটি পাজারো গাড়ি ব্যবহার করে ফার্মে প্রবেশ করে। এ সময় তারা ফার্মে থাকা আসবাবপত্র, সিসি ক্যামেরার ক্যাবল, বিদ্যুতের তারসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

একপর্যায়ে হামলাকারীরা মনজুর ইলাহীকে বেধড়ক মারধর করে সিন্দুকে রাখা গরু বিক্রির ৩ লাখ এক হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহত মনজুর ইলাহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

মনজুর ইলাহী বলেন, ‘গাড়ি নিয়ে ফার্মে হামলা চালানোয় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।’

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’