রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় সোহেল রানা ও ওহিদুল ইসলাম নামে আরো দুই মোটরসাইকেলআরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে জেলা শহরের কাজীবাধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার খোকসা এলাকার মো: ইয়াছিন মিয়ার ছেলে। তিনি অটো রাইস মিলের ব্যবসায়ী।
আহতদের মধ্যে সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত ওহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পরে তিনি তার খালাত ভাই রফিকুলের সাথে বালিয়াকান্দি থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী শহরে আসছিলেন। পথে কাজীবাধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহীরা সবাই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো: শিহাব আহম্মেদ বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।



