সিলেটে গ্রামীণ টাওয়ারের ৬০ লাখ টাকার ব্যাটারি চুরির ঘটনায় গ্রেফতার ১

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতারকৃত আমিন উদ্দিন সুজন
গ্রেফতারকৃত আমিন উদ্দিন সুজন |নয়া দিগন্ত

সিলেটে গ্রামীণ ফোন টাওয়ার থেকে ৬০ লাখ টাকা মূল্যের ব্যাটারি চুরির সাথে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ‘গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ।

গ্রেফতারকৃত আমিন উদ্দিন সুজন (৩১) সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। শাহপরান থানায় দায়ের করা ব্যাটারি চুরির মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

পুলিশ জানায়, গত ২০২৫ সালের ২৫ আগস্ট শাহজালাল উপশহরের একটি পাঁচ তলা ভবনের ছাদে স্থাপিত গ্রামীণ ফোন টাওয়ারের স্টোর রুমের তালা কেটে ৪২টি ভিশন ব্যাটারি চুরি করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ ৯০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তিনি রাজবাড়ী সদর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।