রংপুরের সাবেক এমপি ডিউক চৌধুরীর বড় ভাই গ্রেফতার

রংপুর-২ আসনের সাবেক এমপি ডিউক চৌধুরীর বড় ভাই মাহবুবুল হক চৌধুরী ওরফে লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ; তার বিরুদ্ধে হামলা, হত্যাচেষ্টা, নাশকতাসহ বহু মামলা রয়েছে এবং স্থানীয়রা গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
মাহবুবুল হক চৌধুরী ওরফে লিংকন চৌধুরী
মাহবুবুল হক চৌধুরী ওরফে লিংকন চৌধুরী |নয়া দিগন্ত

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীর বড় ভাই মাহবুবুল হক চৌধুরী ওরফে লিংকন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর রেল ডিআইজি মো: আমিনুল ইসলাম জানান, লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের দেবিগঞ্জগামী এসআর পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা, হত্যাচেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

ডিআইজি জানান, লিংকন রংপুর-২ আসনের সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই। বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অর্থ যোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন লিংকন চৌধুরী।

তিনি আরো জানান, বগুড়া থেকে তাকে রংপুরে আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে।

বদরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, চৌধুরী পরিবার বিগত ১৭ বছরে বদরগঞ্জ, তারাগঞ্জের মানুষকে শোষণ, জুলুম, নির্যাতন-নিপীড়ন করে নিঃস্ব করে দিয়েছে। এক্ষেত্রে সব থেকে বেশি ক্ষমতার অপব্যবহার করেছে সাবেক এমপি পলাতক ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরী। তাকে গ্রেফতারে বদরগঞ্জের মানুষ খুশি।

তিনি আরো জানান, লিংকন চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বদরগঞ্জ, তারাগঞ্জের জুলুম, নির্যাতন, অর্থ আত্মসাৎ ও অর্থ লোপাটের বহু তথ্য বেরিয়ে আসবে।