পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির ব্যতিক্রমী উদ্যোগে বাউফলে চালু হয়েছে ‘জনতার কল সেন্টার’।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে। এই কল সেন্টারে স্থানীয় যেকোনো নাগরিক যেকোনো অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবে। এছাড়াও নাগরিক যেকোনো তথ্যসেবা গ্রহণের সুযোগ পাবে। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরো সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে।’
তিনি আশা করেন, ‘প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরো মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, ‘একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সঙ্কট শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় দু’টি মোবাইল নম্বর ০১৭১৩৪৯৯৬৬১ ও ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এ নম্বরগুলোতে কল করে যে কেউ তাদের সমস্যা জানাতে পারবেন। তবে সবাইকে অনুরোধ করছি, কেউ হয়রানি, মিথ্যা ও প্রতারণামূলক কল করবেন না।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


