ময়মনসিংহে অভিযানে চালিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মো: আকাশ মিয়া ওরফে সুমন (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। একই দিনে পৃথক অভিযানে দুই বছর সাজাপ্রাপ্ত পলাতক মোহাম্মদ আলী ওরফে আলী হাসানকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহের র্যাব-১৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আকাশ মিয়া ময়মনসিংহ জেলার একটি অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ সময় ভুক্তভোগী তরুণীর সাথে তার পরিচয় হয় ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই তরুণীকে ধর্ষণ করেন আকাশ। এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানানো হলে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আকাশ। পরে ভুক্তভোগীর একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করে র্যাব-১৪-এর আভিযানিক একটি দল।
অন্যদিকে একই দিন দুপুরে র্যাব-১৪ -এর আরেকটি দল সিপিএসসি গাজীপুর ক্যাম্পের সহায়তায় গাজীপুর মহানগরীর ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’



