ফতুল্লায় দূর্জয় বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

প্রতিরাতে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গার্মেন্টসকর্মী ও পথচারীদের পথরোধ করে ছিনতাই করার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়াও এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
ফতুল্লা মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা
ফতুল্লা মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা শাহজাহান রি-রোলিং মিলস এলাকার দূর্জয় বাহিনীর প্রধান চিহ্নিত ছিনতাইকারী দূর্জয় ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ফতুল্লা মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান রি-রোলিং মিলস ও দাপা কবরস্থান সড়কের কয়েকশত বাসিন্দা মিছিল নিয়ে থানার সামনে এসে দূর্জয় ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে অবস্থান নেন এবং গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে কথা বলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার শাহজাহান রি-রোলিং মিল এলাকায় দূর্জয় ও তার সহযোগী শান্ত, তারেক, কাউসার, সজল, নাইম ও মাদককারবারি জুনুসহ চিহ্নিত এই বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে মোবাইল ছিনিয়ে নেয়া, পথচারীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, অপহরণ করে নির্যাতন এবং বিকাশের মাধ্যমে অর্থ আদায়, কর্মজীবী নারীদের শ্লীলতাহানিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এই বাহিনীর কারণে গার্মেন্টস শ্রমিকরা বেতন নিয়ে নিরাপদে বাসায় ফিরতে পারেন না। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়াও এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

এছাড়া প্রতিরাতে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গার্মেন্টসকর্মী ও পথচারীদের পথরোধ করে ছিনতাই করার অভিযোগও রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। তাদের প্রধান আস্তানা হিসেবে চন্দ্রা বাড়ি এলাকা ও দাপা কবরস্থান সড়কের বাউন্ডারির ভেতরে সগিরের মেসকে ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানান।

বিক্ষোভকারীরা বলেন, এসব ছিনতাইকারীদের কারণে এলাকার সাধারণ মানুষ ও গার্মেন্টসকর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’