কুড়িগ্রামে ‘দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট-২০২৬ উপলক্ষে ধর্মীয় নেতা, ইমাম ও পুরোহিতদের সাথে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের হলরুমে জেলার অর্ধশতাধিক ধর্মীয় নেতার উপস্থিতিতে এ সংলাপের আয়োজন করে সুজন।
এ সময় সুজন কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক রনি।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, সঠিক ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং গুজব প্রতিরোধে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
এ সময় রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের জন্য সব ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
খায়রুল আনাম বলেন, ‘গণভোট কি এবং কেনো এটি অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। দেশটা আমার, আপনার, আমাদের সবার। এই দেশকে ধ্বংস হতে দেয়া যাবে না। সুজন একটি অরাজনৈতিক সংগঠন।’
এর আগে, সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সবার সাথে মতবিনিময় করেন। তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে সঠিক তথ্য প্রচার এবং সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে তৃণমূল পর্যায়ে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।



