চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের দায়ে ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।
অভিযানকালে রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদবিহীন পণ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন, ‘জনস্বার্থে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অনিয়ম সহ্য করা হবে না।’
তিনি আরো বলেন, ‘ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান পরিদর্শন ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



