যশোরে ছেলেকে কুপিয়ে জখম করলেন বাবা

আহত রানা ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Location :

Jashore

যশোর অফিস

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে রানা (২৫) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন তারই বাবা।

শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোয়াখোলা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

আহত রানা ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জয়নাল ও তার ছেলে রানার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা জয়নাল উত্তেজিত হয়ে ঘর থেকে দা এনে ছেলে রানাকে কোপ দেন। এতে রানার বাম হাত ও পিঠের বিভিন্নস্থান জখম হয়। রানার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জয়নাল পালিয়ে যান।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, রানার শরীরে একাধিক জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এই বিষয়ে আহত রানার বড় ভাই রায়হান জানান, সামান্য বিষয় নিয়ে বাবা এমন কাণ্ড ঘটাবেন তারা কল্পনাও করতে পারেননি। বর্তমানে পরিবারের পক্ষ থেকে রানার চিকিৎসার বিষয়টিকেই প্রাধাান্য দেওয়া হচ্ছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হবে কি না, তা নিয়ে পরিবারের মধ্যে আলোচনা চলছে।

বাঘারপাড়া থানার এসআই জামাল জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

Topics