চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৮ মে) সিএমপি সদর দফতর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সিএমপির পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিষিদ্ধ ঘোষিত এলাকায় কোনো ধরনের জনসমাবেশ, মিছিল-মিটিং কিংবা অনুরূপ কর্মসূচি পালন করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নগরের টাইগারপাস এলাকায় গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।



