সিলেটে গরুর গোশতের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক মো: ওসমান গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানীকে সাময়িক বহিষ্কার করা হলো। তাদেরকে উপযুক্ত কারণ দর্শাতে বলা হয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গরুর গোশতের দাম নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো: মনজুরুল আলম বলেন, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর গোশতের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দুপক্ষই চলে যায়।
রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



