সাতক্ষীরার তালায় বাবার মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা শিক্ষক কানাই লাল সরকার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল তালা ব্রজেন দে (বি. দে) সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা বাঁশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, চুকনগর থেকে মোটরসাইকেলে ছেলেকে নিয়ে স্কুলে আসার পথে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। কুশল বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত কানাই লাল সরকারকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, ‘ এ দুর্ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’



