সিলেট ব্যুরো ও কানাইঘাট সংবাদদাতা
সিলেটের কানাইঘাটে সরকারবিরোধী মিছিলসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামিদের আদালতে উপস্থাপন করা হলে, আদালত তাদেরকে পাঠানের আদেশ দেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে আদালতে আসামিদেরকে কারাগারে পাঠান। এর আগে, শনিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের অন্তর্গত চতুল-দরবস্ত সড়কের রফরফ অটো রাইসমিল সংলগ্ন বারহাল ব্রিজ এলাকায় কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে।
পরে, অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে এজাহারনামীয় কানাইঘাটের কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো: নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় ওরফে মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) ও চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহেরকে (১৯) গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে কানাইঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।



