ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত টিকিট মূল্য আদায়, হাতেনাতে ধরলেন সিভিল সার্জন

জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রাজ্জাক বলেন, আজকের পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেছি। কিছু বিষয়ে ঘাটতি চোখে পড়েছে। সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।

Location :

Dimla
স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রাজ্জাক
স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রাজ্জাক |নয়া দিগন্ত

মো: রেজোয়ান ইসলাম, ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে বহির্বিভাগে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগের সত্যতা হাতেনাতে ধরেছেন জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রাজ্জাক। এ ঘটনায় সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে সতর্ক করে ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেন তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রাজ্জাক ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, টয়লেট, হাসপাতাল চত্বর এবং স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় বহির্বিভাগে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগের সত্যতা ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং হাসপাতালের সার্বিক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের সাথে মানবিক আচরণ করতে হবে এবং দায়িত্বশীলতার সাথে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।

জেলা সিভিল সার্জন ডা. মো: আব্দুর রাজ্জাক বলেন, আজকের পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেছি। কিছু বিষয়ে ঘাটতি চোখে পড়েছে। সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।

তিনি আরো বলেন, খুব শিগগিরই আবারো আকস্মিক পরিদর্শনে আসব। আজ দেয়া নির্দেশনাগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা যাচাই করা হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।