সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ২

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁও থানায় গ্রেফতার দেলোয়ার হোসেন মুন্না ও আবিদ মাহমুদ আকাশ
সোনারগাঁও থানায় গ্রেফতার দেলোয়ার হোসেন মুন্না ও আবিদ মাহমুদ আকাশ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা ও এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) ও আবিদ মাহমুদ আকাশ (২৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার পানাম ফুড পার্ক থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেন ওরফে মুন্নার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দি এলাকায় এবং আবিদ মাহমুদ আকাশ সোনারগাঁও উপজেলার নানাখি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের কাছে অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তারা আতাউর রহমানকে পানাম ফুড পার্কে ডেকে নেন। সেখানে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দফতরে নেতিবাচক প্রতিবেদন দেয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন।

এ সময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে আতাউর রহমান বিষয়টি তাৎক্ষণিকভাবে সোনারগাঁও থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ভুয়া পরিচয় দেয়ার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।