কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৯

বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে পাম্পের গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে এই পাম্পে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় গ্যাস পাম্পে থাকা সাত থেকে আটটি গাড়ি পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ নয়জন দগ্ধ হন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
প্রতীকী

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি পাম্পে গ্যাস লিকেজের ঘটনা থেকে আগুনের সৃষ্টি হয়েছে। এতে ৯ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করে পাম্পের গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে এই পাম্পে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এবং সেনাবাহিনীর অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে এসে আগুন নেভাতে থাকে। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন কিছুটা কমে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় গ্যাস পাম্পে থাকা সাত থেকে আটটি গাড়ি পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ নয়জন দগ্ধ হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চার থেকে পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে সদর থানা পুলিশ জানিয়েছে।