বরিশাল নগরীতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

ট্রাফিক বিভাগের একাধিক টিম নগরীর প্রধান সড়ক, ব্যস্ত মোড় ও বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে সড়কের ওপর অবৈধভাবে রাখা যানবাহন সরিয়ে দেয় এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
পার্কিং ও ফুটপাত দখলমুক্ত অভিযান
পার্কিং ও ফুটপাত দখলমুক্ত অভিযান |প্রতীকী ছবি

বরিশাল নগরীতে অবৈধভাবে পার্কিং এবং ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর শহীদ মিনার এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: শরফুদ্দীন।

এ সময় ট্রাফিক বিভাগের একাধিক টিম নগরীর প্রধান সড়ক, ব্যস্ত মোড় ও বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে সড়কের ওপর অবৈধভাবে রাখা যানবাহন সরিয়ে দেয় এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় সড়কের ওপর গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছিলেন না। এ অবস্থায় জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

অভিযানকালে বেশ কয়েকটি অবৈধ পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয় এবং কিছু স্থানে তাৎক্ষণিক জরিমানাও করা হয়। পাশাপাশি ফুটপাত দখলদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্থান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো: শরফুদ্দীন বলেন, ‘নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’

সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে নগরীতে যানজট কমবে এবং পথচারীদের চলাচল সহজ হবে।