কুষ্টিয়ায় হামে আক্রান্ত আরো ২ শিশুর মৃত্যু

‘গত সোমবার (৩০ মার্চ) আইজা নামের শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।’

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু
হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইজা নামের পাঁচ মাস ২০ দিন বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়। এতে হামের উপসর্গ নিয়ে জেলায় চার শিশুর মৃত্যু হলো।

নিহত ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। অপর নিহত আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। সে গত চার দিন ধরে চিকিৎসাধীন ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয় ইব্রাহিম নামের শিশুটি। সে হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।’

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘গত সোমবার (৩০ মার্চ) আইজা নামের শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।’

তিনি আরো বলেন, ‘এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টায় হামে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়।’

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে। পাঁচ-ছয়জন শিশুর অবস্থা রয়েছে আশঙ্কাজনক।