গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রোববার দুপুর পৌনে ২টার দিকে গাছকাটা শ্রমিক ইদ্রিস আলী আমাটিয়া গ্রামে গাছ কাটতে যান। তিনি যে গাছটি কাটছিলেন সেটির পাশ দিয়ে বিদ্যুতের তার গিয়েছিল।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
নিহত ইদ্রিস আলী
নিহত ইদ্রিস আলী |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (৪৮) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী একই ইউনিয়নের পার্শ্ববর্তী দিঘীরপাড় টানপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ২টার দিকে গাছকাটা শ্রমিক ইদ্রিস আলী আমাটিয়া গ্রামে গাছ কাটতে যান। তিনি যে গাছটি কাটছিলেন সেটির পাশ দিয়ে বিদ্যুতের তার গিয়েছিল। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে এলে ইদ্রিস আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ কাটার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।