লালমনিরহাট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে কয়েক হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন।
খাবার বিতরণের আগে আয়োজিত আলোচনা সভায় ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ অনুসরণ করে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু সমালোচনা নয়, সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত রাজনৈতিক দায়িত্ব পালন সম্ভব।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কয়েক হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ), জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলসহ জেলা, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



