রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সাথে জেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
তিনি আরো বলেন, ‘আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।’
সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং গণসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো: জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলীসহ জেলায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।



