ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Chhatak
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার মরম আলী
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার মরম আলী |নয়া দিগন্ত

সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটিকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁওয়ের ২০ মাসের ওই শিশুর প্রতিবেশী মরম আলী পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় ওই শিশুটিকে সে প্রতিদিনই কোলে নিয়ে আদর করত। রোববার শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর মা ঘটনাটি দেখে ফেললে মরম আলী পালিয়ে যায়। পরে আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পরদিন সোমবার (১৭ আগস্ট) ওই শিশুর বাবা মরম আলীর বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মরম আলীকে বাবনগাঁও থেকে গ্রেফতার করে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন বলেন, পরিবারের কাছ থেকে আমরা শুনেছি এই মরম আলী নাকি এর আগেও শিশুটির সাথে খারাপ আচরণ করেছে। ওই দিন শিশুটিকে ধর্ষণের সময় শিশুটির মা দেখে ফেলে। থানায় মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০ মাসের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মরম আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’