বজ্রপাতে নওগাঁয় ৩ জনসহ পাঁচ জেলায় ৭ জনের মৃত্যু

বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তিনি বাইরে অবস্থান করছিলেন। এমতাবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নয়া দিগন্ত অনলাইন
বজ্রপাতে পাঁচ জেলায় সাতজনের মৃত্যু
বজ্রপাতে পাঁচ জেলায় সাতজনের মৃত্যু |প্রতীকী ছবি

বজ্রপাতে নওগাঁয় তিনজনসহ পাঁচ জেলায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ মে) দুপুর ও বিকেলে নওগাঁ, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর ও ময়মনসিংহ জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর মধ্যে নওগাঁ জেলায় তিনজন এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ ও জামালপুর জেলার প্রতিটিতে একজনের করে মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মাঠে ধান কাটার কাজ করছিলেন।

নওগাঁ :
বজ্রপাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় দু’জন ও মহাদেবপুর উপজেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিয়ামতপুর উপজেলায় জমি থেকে বাড়িতে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মোহন্ত নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়া উপজেলার হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় রফিকুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে খোদ্দচাম্পা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে শ্রমিকের কাজ করতে এসেছিলেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দিলীপ বর্মন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় গুরতর আহত হয়েছেন অপর দু’জন কৃষক।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত কৃষক দিলীপ বর্মন কুড়াপাড়া গ্রামের পরলোকগত হরি চরণ বর্মণের ছেলে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন— কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও পরলোকগত লক্ষণের ছেলে নারায়ণ।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে যায়। তবে, অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং দু’জন আহত হয়েছে। গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি।

কুড়িগ্রাম :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো: ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।

নিহত ওবাইদুল মো: আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

লালমনিরহাট :
লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাক্ষেতে কাজ করার সময় মেঘ-বৃষ্টি দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো: ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে এবং তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বজ্রপাতের পর কিছু সময় একই স্থানে দাঁড়িয়ে ছিলেন ইউসুফ। পরে পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’ তিনি নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল রানা (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া ওই এলাকার বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তিনি বাইরে অবস্থান করছিলেন। এমতাবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ময়মনসিংহ :
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মরহুম চান্দু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন আব্দুর রশিদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকাশে বজ্রসহ বিদ্যুৎ চমকাতে থাকে। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তিনি ছিটকে পড়ে জমিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।