সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র্যাব-১২ সদর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় সলঙ্গা এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চড়িয়া এলাকায় র্যাব-১২ সদর দফতরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। এতে আহত হন আরো দুই জন যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।



