গাজীপুরে উপজেলা শিক্ষা অফিসারের বদলির আদেশে এলাকায় মিষ্টি বিতরণ

আব্দুস সালামের বদলির খবরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষকদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
আব্দুস সালাম
আব্দুস সালাম |সংগৃহীত

গাজীপুরে সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালমকে বদলির আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (১৮ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন-১-এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠি সূত্রে বদলির খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, আব্দুস সালামের বদলির খবরে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষকদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

তাকে চাঁদপুরের মতলব উপজেলায় বদলির আদেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা অফিসার আব্দুস সালাম চলতি বছরের ১২ জানুয়ারি গাজীপুর সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেন। তার বিরুদ্ধে বিনামূল্যের বই বিতরণে অনিয়ম, শিক্ষকদের কটূক্তি, স্কুল নিবন্ধনে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, শিক্ষক নেতাদের নামে মিথ্যা মামলা, বিধিবহির্ভূত শিক্ষক বদলি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ থেকে কমিশন গ্রহণসহ অসংখ্য অভিযোগ উঠে।

তার বিতর্কিত কর্মকাণ্ডে ফুঁসে ওঠে গাজীপুরের শিক্ষকসমাজ। তার নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগ আমলে নিয়ে একাধিকবার তদন্ত করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।