লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া এনআইডিসহ ৪৫ রোহিঙ্গা আটক

এছাড়াও, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
আটক রোহিঙ্গাদের কয়েকজন
আটক রোহিঙ্গাদের কয়েকজন |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী, উপজেলা প্রসাশন ও পুলিশের বিশেষ অভিযানে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি কার্ড) ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় যথাক্রমে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্প, উপজেলা প্রসাশন ও পুলিশের অভিযানে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের আটক করা হয়।

জানা গেছে, মোট ৪৫ জন রোহিঙ্গার মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু।

পৃথক অভিযানে আরো ছয়জন রোহিঙ্গাকে (পুরুষ) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।

এছাড়াও, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। এসময় তার বাসা থেকে বেশকিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এফসিএন কার্ডের ফটোকপিও উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় বসবাসরত মোট ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় রোহিঙ্গাদের ভুয়া এনআইডি কার্ড জব্দ করা হয়। আটক ৪৫ জন রোহিঙ্গাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।’

লোহাগাড়ায় ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে জড়িত ব্যক্তিদের বিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।