গজারিয়ায় ঘোড়া জবাই করে গরুর গোশত হিসেবে বিক্রি, গ্রেফতার ৪

তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে অসুস্থ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত। পরে এসব ঘোড়ার গোশত প্রক্রিয়াজাত করে পিকআপযোগে ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে গরুর গোশত হিসেবে বিক্রি করত।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ঘোড়ার গোশত গরুর বলে বিক্রি, গ্রেফতার চার, পুলিশের প্রেস ব্রিফিং
ঘোড়ার গোশত গরুর বলে বিক্রি, গ্রেফতার চার, পুলিশের প্রেস ব্রিফিং |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করে তা গরুর গোশত হিসেবে বিক্রির অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জবাইকৃত ঘোড়ার গোশত জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো: মিনহাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন রশিদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গজারিয়া থানা পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৮ এপ্রিল) সকালে গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় কিছু ব্যক্তি রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করছে— এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার গোশত জব্দ করে প্রাণিসম্পদ বিভাগের হেফাজতে দেয়া হয়।

এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপার (এসপি) মো: মিনহাজুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে অসুস্থ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত। পরে এসব ঘোড়ার গোশত প্রক্রিয়াজাত করে পিকআপযোগে ঢাকায় এনে সহযোগীদের মাধ্যমে গরুর গোশত হিসেবে বিক্রি করত।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা হয়েছে নয়টি জবাইকৃত ঘোড়ার গোশত ও একটি জীবিত অসুস্থ ঘোড়া।