নড়াইলে বোরো ধান রোপণের ধুম

বোরো মওসুমের শুরুতে সার, কীটনাশক ও বিদ্যুৎচালিত সেচের তেমন কোনো সঙ্কট নেই। মওসুমের শেষ পর্যন্ত এইভাবে সবকিছু ঠিকঠাক এবং আবহাওয়া ভালো থাকলে কৃষকদের কষ্ট সার্থক হবে, সোনালি ফসল ঠিকমতো ঘরে উঠবে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
ধান রোপণের ধুম
ধান রোপণের ধুম |নয়া দিগন্ত

নড়াইলে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় বোরো ধান রোপণের ধুম পড়েছে। কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বোরো ধান রোপণের ব্যস্ততা। বীজতলার পাশাপাশি সার ও সেচের কোনো সঙ্কট নেই এই মুহূর্তে। বিগত তিন বছরের রেকর্ড ভেঙ্গে এবার বেশি জমিতে বোরো ধান চাষাবাদ হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

কৃষকেরা জানায়, বোরো মওসুমের শুরুতে শীত ও কুয়াশার দাপট থাকায় প্রথমদিকে ঠিকমত ধান লাগাতে পারেননি তারা। অন্তত ২০দিন আগে প্রকৃতির সেই বিরূপ পরিবেশ বদলে নড়াইলের আকাশে রৌদ্রজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। এমন মিষ্টি-মধুর শীতের আমেজ পেয়ে কৃষকেরা বোরো ধান রোপণ করছেন পুরোদমে।

সদর উপজেলার চৌগাছা গ্রামের ইব্রাহিম শেখ বলেন, ‘আমি ১৮০ শতক জমিতে বোরো ধান রোপণ করছি। আপাতত ধানের চারা বা পাতোর (নড়াইলের আঞ্চলিক ভাষায় চারাকে পাতো বলে) কোনো সঙ্কট নেই।’

ওই গ্রামের আতাউর রহমান বলেন, ‘তিন একর জমিতে বোরো ধান লাগিয়েছি। শীতের শুরুতে সমস্যা হলেও এখন খুব ভালো পরিবেশ। বর্তমানে সার, কীটনাশক ও সেচের কোনো সমস্যা নেই।’

৭৫ বছরের বাদশা শেখ বলেন, ‘জমি চাষাবাদ করে মই দিয়ে সমতল করে ধান লাগানোর কাজ করছি। মোহাম্মদ মোরাদ বলেন, আগেরদিনে গরু দিয়ে চাষাবাদ করা হলেও এখন পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। এতে সময় কম লাগছে। তুলনামূলক খরচও কম।’

সাগর শেখ বলেন, ‘১৩৫ শতক জমিতে রডমিনিকেট ধান রোপণ করছি। এ জাতের ফলন ও দাম ভালো। ভাত খেতেও মজাদার। বিছালি বা খড় খুব ভালো হয়।’

এছাড়াও বিভিন্ন এলাকার কৃষকেরা বলেন, বোরো মওসুমের শুরুতে সার, কীটনাশক ও বিদ্যুৎচালিত সেচের তেমন কোনো সঙ্কট নেই। মওসুমের শেষ পর্যন্ত এইভাবে সবকিছু ঠিকঠাক এবং আবহাওয়া ভালো থাকলে কৃষকদের কষ্ট সার্থক হবে, সোনালি ফসল ঠিকমতো ঘরে উঠবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘এ বছর অর্থাৎ ২০২৫-২৬ মওসুমে নড়াইলে ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৪-২৫ মওসুমে ৫০ হাজার ২৮০ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এছাড়া ২০২৩-২৪ মওসুমে আবাদ হয়েছিল ৫০ হাজার ২৩০ হেক্টর জমিতে। এক্ষেত্রে বিগত তিন বছরের ব্যবধানে নড়াইলে ৬৭ হেক্টর জমিতে বোরো আবাদ বেশি হয়েছে।’

তিনি বলেন, ‘এ বছর ২ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ আদর্শ বীজতলা রয়েছে। এক্ষেত্রে বীজতলারও কোনো সঙ্কট নেই।’