দোয়ারাবাজারে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোয়ারাবাজার উপজেলা শাখা।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারবাজারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মডেল মসজিদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়েজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দোয়ারাবাজার উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তারেক মনোয়ার। প্রধান বক্তার বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, বিশেষ অতিথির বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই হবে প্রকৃত সফলতা।

বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। আর শিক্ষার্থীদের এই কৃতিত্বকে মূল্যায়ন আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ইসলামী ছাত্রশিবির তোমাদেরকে সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তোমরা যদি তোমাদের মেধার সাথে সততার সমন্বয় করতে পারো তাহলেই কেবল তোমাদের দ্বারা আগামীর বাংলাদেশকে ইনসাফপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি সালমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুর রাশিদ, দোয়ারাবাজার উপজেলার সাবেক সভাপতি জুবায়ের আহমদ ও আজিজুর রহমান।

এ সময় দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, সদর ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম, ছাতক পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ, সাহিত্য সম্পাদক মারুফ খন্দকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী হাফিজ আরিফ আহমদের কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সিলেটের দিশারী শিল্পী সঙ্গীত শিল্পীর সদস্য তাওহিদুল ইসলাম তারেক।

উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্তসহ প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী সংবর্ধনায় অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানে আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় গিফট বক্সসহ বিভিন্ন ধরনের উপহার প্রদান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।