প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ত্রাণ ও বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. হুমায়ুন কবির বলেছেন, ‘এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দল-মত নির্বিশেষে রাজনীতিতে ভালো মানুষের সমাগম ঘটাতে হবে। এখন ভালো মানুষের রাজনীতি করার সময়। আপনারা মনে রাখবেন বিশ্বনাথ-ওসমানীনগরে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর জায়গা নেই, এখানে কোনো চোর-ডাকাতের জায়গা নেই।’
শুক্রবার (১৩ মার্চ) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা গ্রামের ফুটবল খেলার মাঠে বিশ্বনাথ উপজেলা পরিষদের মরহুম চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রূহের মাগফেরাত কামনায় আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিল’ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুমায়ূন কবির বলেন, ‘বিশ্বনাথ-ওসমানীনগর হলো ভালো মানুষের এলাকা। তাই প্রশাসনের যারাই আছেন, এলাকার মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন সেজন্য আপনারা সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে নিজেদের কাজ করে যান। কোনো কাজে আমার সহযোগিতা লাগলে বলবেন। মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে আমি সর্বদা প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘সকল গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন মরহুম সুহেল আহমদ চৌধুরী। সর্বস্তরের মানুষের সাথে ছিল তার অত্যন্ত সুসম্পর্ক। যে কারণে এই এলাকার মানুষ তাকে দু-দু’বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। তাই আমি আমার রাজনৈতিক জীবনে সুহেল আহমদ চৌধুরীর শূন্যতা খুব বেশিই অনুভব করে যাব।’
উপদেষ্টা বলেন, ‘আপনারা মনে করবেন না ‘সাবেক এমপি ইলিয়াস আলী ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’ বর্তমানে রাজনীতিতে অনুপস্থিত বলে আপনারা অভিভাবক শূন্য, আমি আছি আপনাদের পাশে। আর আপনারা আছেন আমার পাশে। আর তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান সরকারের আমলে বিশ্বনাথ তথা সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না। তবে ওসমানীনগরের চেয়ে আমি সব সময়ই বিশ্বনাথকে অগ্রাধিকার দেবো।’
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রূহেলের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশিষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।



